দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরাম।
শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার।
বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একজন শিশুকে এভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য আতঙ্কের বার্তা।
নেতৃবৃন্দ রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, গত সাত দিনে দেশে চার কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা প্রমাণ করে, রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রশ্রয় এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখছে।
তারা বলেন, শুধু গ্রেপ্তার বা সাময়িক তৎপরতায় পরিস্থিতির পরিবর্তন হবে না। দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয় বন্ধ করা এবং নারী ও শিশুর প্রতি সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, ইসমাত আরা, উম্মে হালিমা লাবনী, মো. রাকিবুল হাসান, লামিয়া সাইমুন ও নাজলা আক্তার মিমসহ অন্যরা।
এমএস/