দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় হামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আরসেলের নেতৃত্বে বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরে ডিবি সদস্য কনস্টেবল মৃণাল সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কনস্টেবল মৃণালকে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এমএস/