দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী উপজেলায় বয়স্ক ভাতাভোগীর মোবাইল নম্বরের পরিবর্তে নিজের ছেলের নম্বর ব্যবহার করে ভাতার টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য সোলায়মান মৃধার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া গ্রামে।
ভাতাভোগী লিয়াকত আলী খান অভিযোগ করেন, স্থানীয় ইউপি সদস্য সোলায়মান মৃধা তার নামে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে দুই বছর আগে কাগজপত্র নেন। পরে তার নামে ভাতা চালু হলেও ভাতার টাকা তার পরিবর্তে ইউপি সদস্যের ছেলের মোবাইল নম্বরে যাচ্ছে এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ছয় মাসের ভাতার টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সঙ্গে প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাতাভোগীর ছেলে সাহাদাত খান বলেন, বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তারা প্রতিবাদ জানালে অভিযুক্ত ইউপি সদস্য তাদের হুমকি দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সোলায়মান মৃধা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তার ছেলের নাম্বারে কোনো টাকা যায়নি এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে তিনি জানান। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, গত তিন মাস আগে লিয়াকত আলী খানের নামে বয়স্ক ভাতা চালু হয় এবং ভাতাভোগীর ফরমে দেওয়া ০১৬৩০-৪০৪৬২৩ নম্বরে তিন মাসের টাকা প্রেরণ করা হয়েছে। মোট তিন হাজার নয়শ টাকা ওই নম্বরে পাঠানো হয়েছে বলে তিনি জানান। লিখিত অভিযোগ পেলে নাম্বার পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ