দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরবনে বনবিভাগের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকার বাসিন্দা। তিনি আকসেদ গাজীর ছেলে। স্থানীয় জেলেদের দাবি, সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন।এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের নৌকাকে সংকেত দেয়।
জেলেদের অভিযোগ, কাছে যেতে দেরি হওয়ায় বনকর্মীরা গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন সঙ্গে থাকা জেলেরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের স্বজন ও স্থানীয়রা বন বিভাগের কার্যালয়ে হামলার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।” এদিকে, ঘটনার বিষয়ে জানতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, জীবিকার তাগিদে বনে যাওয়া জেলেদের ওপর গুলি চালানোর ঘটনা মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বিষয়টি বন বিভাগ, প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এমএম/