দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে একটি, জিয়ানগর থানা থেকে তিনটি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে আটটি, নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা থেকে দুটি এবং ভান্ডারিয়া থানা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইসিটি শাখার সদস্যরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএস/