দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১৮ মে) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়।
জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা এলাকায় অবস্থিত ‘মেসার্স দোয়েল ব্রিকস’ নামের ইটভাটায় অবৈধভাবে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৬ লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, ‘পরিবেশ দূষণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এদিকে, পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ দাবির অভিযোগ তুলেছেন কয়েকজন ইটভাটা মালিক। নাম প্রকাশ না করার শর্তে এক মালিক অভিযোগ করেন, জেলায় শতাধিক অবৈধ ইটভাটা থেকে প্রতি বছর মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়। দাবি অনুযায়ী অর্থ না দিলে সংশ্লিষ্ট ভাটায় অভিযান চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুর জেলায় শতাধিক ইটভাটা রয়েছে, যেগুলোর অনেকগুলোরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এছাড়া সরকারি নীতিমালা উপেক্ষা করে জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের আশপাশেও গড়ে উঠেছে বেশ কিছু ইটভাটা।
এমএস/