দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুরে কিশোরীকে উত্ত্যক্ত করার জেরে প্রতিপক্ষ পরিবারের ওপর হামলা ও পালটা হামলায় চারজন আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, মোল্লাবাজার আদর্শ গ্রামের মন্টু মিয়ার ছেলে রাহিম একই গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলার সময় ওই কিশোরীকে আবারও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে।
এরপর বিষয়টি কিশোরী তার মাকে জানালে প্রতিবাদ করেন তিনি। এতে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কিশোরী ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, পরে কিশোরীর বাবা বাড়ি ফিরে ঘটনা জানার পর ক্ষুব্ধ হয়ে রাহিম, তার বাবা মন্টু মিয়া, মা রুজিনা ও চাচা রবিউল ইসলামের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত চারজনের মাথায় আঘাত লেগেছে এবং কাটা জখম রয়েছে।
এ ঘটনায় কিশোরীর ফুফু বলেন, মেয়ের অপমানের কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে হামলা করেছে, এটা করা ঠিক হয়নি। আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
জে আই