দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘লাটাহাম্বার’ চাপায় আনসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাটাহাম্বারের চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৯ মে) সকাল পৌনে ১১টার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, আনসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামন্দীগামী বালুবোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই