দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির দুটি ষাঁড়, যেগুলো স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘শাহরাস্তি কিং-১’ ও ‘শাহরাস্তি কিং-২’ নামে।
শাহরাস্তি উপজেলার দারুনকরা গ্রামের শাহরাস্তি অ্যাগ্রো ফার্মে এক বছর ধরে লালন-পালন করা এই দুটি ষাঁড়ের মধ্যে একটির ওজন প্রায় ২২ মণ এবং অন্যটির ওজন ২০ মণ। জোড়া ষাঁড় দুটির দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা।
খামারের মালিক মো. সাখাওয়াত হোসেন বলেন, শাহরাস্তি উপজেলায় তার খামারেই সবচেয়ে বড় গরু রয়েছে। বড় আকৃতির হওয়ায় ফ্রিজিয়ান জাতের ষাঁড় দুটির নাম রাখা হয়েছে ‘শাহরাস্তি কিং-১’ ও ‘শাহরাস্তি কিং-২’।
তিনি জানান, দেশীয় ঘাস, খড়, খৈল ও বিভিন্ন দানাদার খাবার খাইয়ে গরুগুলোকে পরিচর্যা করা হচ্ছে। এক বছর আগে কোরবানির ঈদকে লক্ষ্য করে গরু দুটি কেনা হয়।
“বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। সে তুলনায় গরুর দাম খুব বেশি ধরা হয়নি। আশা করছি, ন্যায্য মূল্য পাব,” বলেন সাখাওয়াত হোসেন।
খামারের শ্রমিকরা জানান, গরুগুলোকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন দুইবার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। পুষ্টি বৃদ্ধির জন্য দেশীয় ঘাসের পাশাপাশি ভুসি ও খৈল খাওয়ানো হচ্ছে।
বিশাল আকৃতির ষাঁড় দুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন খামারে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতিময় ভৌমিক জানান, এবার চাঁদপুর জেলায় কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৭৫ হাজার ২৪৮টি। এর বিপরীতে প্রায় ৯ হাজার ১৫০টি পশুর ঘাটতি রয়েছে।
তবে ঈদের আগে শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও উত্তরাঞ্চল থেকে গবাদিপশু আসলে সেই ঘাটতি পূরণ হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, জেলায় কোরবানির পশু কেনাবেচার জন্য প্রায় দুই শতাধিক হাট বসবে। পাশাপাশি অনলাইনেও অনেক খামারি পশু বিক্রি করবেন।
জে আই