দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বানারীপাড়া ও গৌরনদীতে পৃথক ঘটনায় নদী ও খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন স্কুলছাত্র এবং অপরজন নবজাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদী থেকে দুর্জয় (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুর্জয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের শুকলালের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সোমবার সকাল পৌনে ৯টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। এর আগে ১২ এপ্রিল সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একইদিন দুপুরে গৌরনদী উপজেলার ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন শিশু খালে গোসল করতে গিয়ে পানিতে মরদেহটি দেখতে পায়। পরে সেটি খালের তীরে এনে স্থানীয়দের খবর দেয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।
এমএস/