দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক স্টেডিয়ামের যে সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, সেই মানদণ্ডে স্টেডিয়ামটি পুনর্গঠন করা হবে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একমত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়নের অংশ হিসেবে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়াসহ ১০টি স্থানে আগামী অর্থবছরে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে।
বগুড়ায় আলাদা জেলা স্টেডিয়াম না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি একমাত্র জেলা যেখানে আলাদা জেলা স্টেডিয়াম নেই। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়াতেই নির্মাণ করা হবে।
তিনি জানান, আগামী জুন অর্থবছর থেকে স্পোর্টস ভিলেজ ও ইনডোর সুবিধাসহ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে।
এ সময় তিনি আরও বলেন, সারা দেশে মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কমিটি কাজ করছে এবং ৪৯৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমও চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী অতীত প্রতিশ্রুতির পরিবর্তে বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ধরে শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। স্টেডিয়ামটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে ক্রীড়া পরিদপ্তর ও বিসিবি কর্মকর্তাদের নিয়ে সেখানে যান প্রতিমন্ত্রী।
এমএস/