দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বাদ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এ ক্ষেত্রে আশরাফুল হয়তো বাদ পড়েছেন, তবে পরে তাঁকে আবারও অন্তর্ভুক্ত করা হতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় সরকার। সংস্থাগুলো নিজেদের চিন্তাভাবনা, কৌশল ও পরিকল্পনা অনুযায়ী কাজ করবে—এটাই সরকারের প্রত্যাশা।
আশরাফুলকে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সেই ক্ষেত্রে আশরাফুল হয়তোবা বাদ পড়েছে, আবার পরে হয়তোবা আশরাফুল আবার অন্তর্ভুক্ত হতেও পারে।’
নভেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ও টিকিটের দাম নিয়েও কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা শেষে টিকিটের দাম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আমিনুল হক বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে। সাফের সংশ্লিষ্ট কমিটি বিষয়টি পরিচালনা করছে। টিকিটের দাম বেশি নির্ধারণ করা হয়েছে বলে তিনিও শুনেছেন।
টিকিটের দাম পুনর্বিবেচনার বিষয়ে তিনি বলেন, আলোচনা শেষে এ বিষয়ে কী করা যায়, তা পরে জানানো সম্ভব হবে।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলের সাবেক এই ফুটবলার। তিনি বলেন, আসন্ন প্রতিযোগিতা নিয়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ দল আবারও সাফল্য অর্জন করে দীর্ঘদিনের শিরোপা-খরা কাটাতে পারবে বলে আশা করেন তিনি।
এমএম/