দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর রামপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
নিহতরা হলেন—রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার আলী হোসেনের ছেলে ও স্থানীয় ‘স্টার টেইলার্স’-এর মালিক ইয়ামিন এবং একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে জুতার কারখানা শ্রমিক উজ্জ্বল বিশ্বাস।
রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, গতকাল রাতে রূপগঞ্জের শিংলাবো এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে মোট ছয় বন্ধু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে ফেনীর রামপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা দেখে তারা নিজেদের মোটরসাইকেল থামিয়ে তা দেখতে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়ামিন ও উজ্জ্বলের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় মাহমুদুল হাসান দিপু ও নাজমুম হাসান নামে আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আজ সকালে নিহত দুই বন্ধুর মরদেহ তাদের নিজ এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।