দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক নাজমুল হুদা (৪৬)। তিনি রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় নাজমুল অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নারসিংগল এলাকায় মোটরসাইকেলে আসা মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত দুই সন্ত্রাসী নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত আরও চারজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে হুমকি দেয়।
সাংবাদিক নাজমুল হুদা জানান, দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরেই একটি চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে সোমবার (১৬ মার্চ) রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাংবাদিককে হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচল সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
আরএ