দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।
ভূইয়া ফেব্রিকস নামের কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করা হয়নি।
সকালে শ্রমিকরা জানতে পারেন, বকেয়া বেতন ও বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এক ঘণ্টার সড়ক অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজট তৈরি হয়, যা যাত্রী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান। ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএস/