দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে আরিচা ফেরিঘাট টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (৪৬) শিবালয় উপজেলার নতুনপাড়া গ্রামের ভাড়াটিয়া মৃত আনছার মল্লিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে প্রথমে স্থানীয় উথলী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে আক্কাস মেকারের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় সিলিন্ডারের পাশে একটি চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন মোহাম্মদ আলী। এ সময় সিলিন্ডারের একটি অংশ ছিটকে এসে তার শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় আরও দুজন আহত হন। আহতরা হলেন- স্থানীয় পান দোকানির ছেলে সাব্বির (১৬) এবং পাশের ফেরি টিকিট কাউন্টারের কর্মচারী জাহাঙ্গীর (৪৫)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় চায়ের দোকানের কর্মচারী কামাল জানান, বিস্ফোরণের সময় তিনি দোকানের পেছনে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে সামনে এসে দেখেন মোহাম্মদ আলী গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
বিস্ফোরণের ফলে আশপাশের দোকানপাটেও ক্ষয়ক্ষতি হয়েছে। সিলিন্ডারের ছোট-বড় যন্ত্রাংশ ও ধাতব টুকরা ছিটকে পড়ে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সাময়িকভাবে দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/অ