দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মাধবদীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরা এখনো পলাতক রয়েছে। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় দুই ধর্ষণ অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মাধবদী থানার পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিচার চেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে সালিশের দ্বারস্থ হন। সেখানে আপসের চেষ্টা ব্যর্থ হলে পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
গত বুধবার রাতে নিহতের বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, ছুরির মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে নূর মোহাম্মদকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, ১০ ফেব্রুয়ারি তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হলেও পরিবার তখন থানায় অভিযোগ করেনি। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। প্রধান আসামিকে গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে বলে তিনি জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন সংগঠন ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
জে আই