দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামু উপজেলায় দাম্পত্য কলহের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার তিনদিন পর তালাবদ্ধ ভাড়া বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হলে বুধবার সকালে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে বিছানার ওপর লেপ ও বালিশ চাপা অবস্থায় বাদলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহে পচন ধরায় তা বিকৃত হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অমতে টিকটকার তাহেরা বেগম আঁখিকে বিয়ে করেছিলেন বাদল। এ নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের জেরে তারা চার মাস আগে আলাদা ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় এবং প্রায়ই ঝগড়া হতো।
স্থানীয়দের বরাতে ওসি জানান, কয়েকদিন আগে রাতের কোনো এক সময় স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে তাহেরা বেগম আঁখি ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বাড়ি রামুর খুনিয়াপালং এলাকায়।
ওসি বলেন, পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করা গেলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জে আই