দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, কে কোন আদর্শে বিশ্বাস করেন তা মুখ্য নয়; সবার ঊর্ধ্বে বাংলাদেশ ও দেশের মানুষ—এই বিশ্বাস নিয়েই কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আগামীর একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের নৈতিক দায়িত্ব।
শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি উপজেলা হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই জনগণের সেবক। জনগণের অর্থেই রাষ্ট্র পরিচালিত হয়। তাই সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। আমি এমপি হয়েছি বলে বিশেষ কেউ নই। প্রশাসনের কর্মকর্তাদেরও মনে রাখতে হবে, তাদের বেতন জনগণের টাকায়। জনগণ যে কাজে সন্তুষ্ট, সেটিই অগ্রাধিকার পাওয়া উচিত।
সংসদ সদস্য বলেন, সরকারি প্রটোকলে প্রধানমন্ত্রীর জন্য ১৮টি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি চারটি রেখে বাকিগুলো বাতিল করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী হওয়ার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ সময়ের পুরোনো ধ্যানধারণা পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজ করার আহ্বান জানান তিনি।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন সরকার ও প্রশাসনকে জনগণের প্রত্যাশা সামনে রেখে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক নেতারা যেমন জনগণের কাছে জবাবদিহি করবেন, তেমনি প্রশাসনকেও অতীতের ভুল থেকে বেরিয়ে এসে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।
তিনি সাংবাদিক, শিক্ষক ও সমাজের গুণীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে তিনি শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ৫০টি দুঃস্থ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।
এমএস/