দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পিরোজপুর শহরের পৌর কাঁচা বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম আদায় না করা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে ফুটপাত ও বাজারের জায়গা দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকি স্থাপনাগুলোর মালিকদের নিজ দায়িত্বে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পরিদর্শনে মূল্যতালিকা না টানানোসহ বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। অনেক ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা করছেন।
তিনি বলেন, ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করতে রমজানজুড়ে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিনসহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি থাকলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের কেনাকাটা করতে পারবেন।
জে আই