দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী ও বিল পাকুরিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, হাজী দারাজ জামানের ধানক্ষেতে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার মুখে দাড়ি ছিল এবং শীতের সোয়েটার পরা অবস্থায় কাদামাখা মরদেহটি পড়ে ছিল।
পুলিশ জানায়, শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, জেলার শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন (৩০) বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী সাগর আলী বলেন, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলে করে পাবনার বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। মাদলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জে আই