দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বরিশালে একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে লাল সবুজ সোসাইটি এ টাউনহল মিটিংয়ের আয়োজন করে।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন কার্যকর করা, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে সরকারি বিভিন্ন দপ্তর, ট্রাফিক বিভাগ, সড়ক ও পরিবহন খাতের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচকরা দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব দেন।
প্যানেল আলোচনায় অংশ নেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরিফদ্দিন, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন, এনসিপির সদস্য সচিব আবু সাঈদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বিএনপি বরিশালের সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ এবং ভাড়া তালিকা কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমেই প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ কেবল অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। টাউনহল মিটিং থেকে পাওয়া সুপারিশগুলো সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতেও নিরাপদ সড়ক, জনসচেতনতা ও নাগরিক অধিকার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।
এমএস/