দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার সাভারে পরিত্যক্ত একটি পৌর কমিউনিটি সেন্টার থেকে শিশুসহ দুইটি পোড়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। এ নিয়ে গত ছয় মাসে দুইতলা ভবনটি থেকে মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হলো। তবে এখন পর্যন্ত কোনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার ওই পরিত্যক্ত ভবনের একটি কক্ষে সদ্য পোড়ানো অবস্থায় মরদেহ দুটির খবর পায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।
তিনি জানান, মরদেহ দুটি থেকে ধোঁয়া বের হতে দেখে ধারণা করা হচ্ছে ভোরের কোনো এক সময় তাদের পুড়িয়ে হত্যা করা হয়েছে অথবা হত্যার পর মরদেহ পোড়ানো হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু হলেও অন্যজন পুরুষ না নারী তা শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সিআইডির ফরেনসিক টিমের উপস্থিতির অপেক্ষায় থাকায় রোববার দুপুর পর্যন্ত পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেনি।
সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাব ও সাভার সেনা ক্যাম্পের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে অবস্থিত এই পরিত্যক্ত ভবন থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী জবা বলেন, আশপাশে এত গুরুত্বপূর্ণ স্থাপনা ও সিসি ক্যামেরা থাকার পরও এখানে এসব ঘটনা ঘটছে। আমরা চাই ভবনটি ভেঙে ফেলা হোক অথবা নতুন করে সংস্কার করা হোক, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
তবে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর নিরাপদ স্থান হিসেবে এই ভবনটিতে মরদেহ ফেলে যাচ্ছে দুর্বৃত্তরা।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। ১১ অক্টোবর রাতে পাওয়া যায় অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন ও গলিত মরদেহ। এছাড়া ২৯ আগস্ট একই ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক হেলাল উদ্দিন আরও বলেন, দুর্বৃত্তরা এমনভাবে মরদেহগুলো পুড়িয়ে ফেলে যে পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভবনের চারপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ আমরা পর্যবেক্ষণ করব।
জে আই