দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রামে আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে তিন বিঘা করিডোর সংলগ্ন এমপি-৮১২ এলাকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে ভোর ৫টার দিকে ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে আঙ্গরপোতা বিওপির ডাংগাপাড়া নামক সীমান্ত এলাকার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে এক বিএসএফ সদস্য ঘন কুয়াশার মধ্যে সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গরু চোরাকারবারিদের ধাওয়া করার সময় পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।
ঘটনার পর বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করে আটক সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানায়।
এরই পরিপ্রেক্ষিতে সীমান্ত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে দুপুর ২টা ৪৫ মিনিটে তিন বিঘা করিডোর সংলগ্ন এমপি-৮১২ এলাকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট নিয়ম অনুযায়ী সদস্যকে ফেরত দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে ৫১ বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল দীন বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে প্রয়োজনীয় কৌশলগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
এবি/