দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে মানববন্ধনে রূপ নেয়।
খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএসবি), নড়াইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির নড়াইল জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম, সদস্যসচিব মনোয়ার হোসেন, রেজাউল ইসলাম, মীনা মাহমুদুর রহমান তাপস, আবু হাছান, শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সুনামের সঙ্গে কৃষকদের সেবা দিয়ে আসছি। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই আমাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী আমাদের পুনর্বহাল করতে হবে এবং ২০২৫ সালের নীতিমালা বাতিল করতে হবে।
তারা আরও বলেন, প্রতিটি ডিলার ২ লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ পেলেও খুচরা ডিলারদের ২ লাখ ৭০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৯ জন করে খুচরা সার ডিলার রয়েছেন। কৃষকদের কাছ থেকে লাখ লাখ টাকা বকেয়া রয়েছে, যা লাইসেন্স বাতিল হলে আদায় করা সম্ভব হবে না। ডিলারশিপ বাতিল হলে তাদের জীবিকা বিপন্ন হবে বলেও দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসক ড. আবদুল ছালামের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/অ