দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের রিংকি আক্তার (২২) নামে এক তরুণী ভুল চিকিৎসার কারণে মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেট এলাকার ডা. মজিবুল হকের পরিচালিত ইএনটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর গলা ব্যথার কারণে রিংকি অসুস্থ হয়ে পড়লে মাইজদী হাউজিং এলাকার চিকিৎসক ডা. মুজিবুল হকের কাছে নেওয়া হয়। তিনি অস্ত্রোপচারের পরামর্শ দিলে ওই দিনেই অপারেশন করা হয়। অপারেশনের পর দ্রুত ছাড়পত্র দেওয়া হলেও বাসায় ফিরেই রিংকির গলায় তীব্র ব্যথা ও রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি জানালে চিকিৎসক গুরুত্ব না দিয়ে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেন। শনিবার (২৯ নভেম্বর) তাকে একই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা শাহিনা আক্তার বলেন, চিকিৎসকের অবহেলার কারণে আমার মেয়ে মারা গেছে। ব্যথা-রক্তপাতকে গুরুত্ব দেওয়া হয়নি।
ভাই আলাউদ্দিন শাকিল বলেন, আমরা বোনের মৃত্যুর বিচার চাই। চিকিৎসকের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং মৃত্যুর খবর জানাতে গেলে তাদের লাঞ্ছিত করা হয়। পরে সুধারাম মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা জানান, চিকিৎসক তার পাঁচতলা বাড়ির নীচের ফ্ল্যাটকে হাসপাতাল বানিয়ে রোগী দেখা ও অপারেশন করতেন। এ নিয়ে বৈধতা প্রশ্নে উঠেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডা. মজিবুল হক যে হাসপাতাল পরিচালনা করেন সেটির কোনো বৈধতা নেই। তিনি তার বাড়ির নীচ তলার একটি অংশকে হাসপাতাল বানিয়ে রোগীদের অপারেশনসহ চেম্বার পরিচালনা করেন।
রোগীর মৃত্যুর পর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গেলে ডা. মজিবুল হক দ্রুত ভবন ত্যাগ করেন এবং মোবাইল বন্ধ করে দেন। তাই বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া যায়নি।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ