দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় নিশ্চিত করতে পারলেও বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি সরকারিভাবে এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী চরের কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই চর দখলের চেষ্টা শুরু করে এবং তারাও বেশি দামে জমি বিক্রি করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষ আলাদাভাবে জমি বিক্রির চেষ্টা চালায়, যা নিয়ে বিরোধ আরও তীব্র হয়।
অভিযোগ রয়েছে, চর দখলে জড়িত ডাকাত আলাউদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সামছু বাহিনীকে চর থেকে সরিয়ে জমি দখলের জন্য তারা আলাউদ্দিন বাহিনীর সঙ্গে আঁতাত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু ও আলাউদ্দিন গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আলাউদ্দিনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। চর দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএস/