দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ের পর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর ফলে আসরে টানা তৃতীয় হারের মুখ দেখল নোয়াখালী।
সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহী নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরু থেকেই রাজশাহীর বোলারদের চাপে পড়ে নোয়াখালী। দলীয় ১৮ রানেই ওপেনার হাবিবুর রহমান (৬ বলে ৫) ফিরে যান। ওয়ানডাউনে নামা সাব্বির হোসেনও থিতু হতে পারেননি, ১১ বলে করেন মাত্র ৬ রান।
একপ্রান্ত আগলে রেখে মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মধ্যভাগে মাহিদুল ইসলাম অঙ্কন (২৭ বলে ২২) ও অধিনায়ক হায়দার আলী (২৮ বলে ৩৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
রাজশাহীর পেসার রিপন মণ্ডল ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে একটি মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় নেন ৪টি উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রানেই থামে নোয়াখালী এক্সপ্রেসের ইনিংস।
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করেন হাসান মাহমুদ। তবে দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
তানজিদ ২০ বলে ২৯ এবং শান্ত ২০ বলে ২৪ রান করে আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। এরপর হোসাইন তালাতও ৩ রান করে বিদায় নিলে ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।
তবে সেই চাপ আর বাড়তে দেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মুশফিক ৩০ বলে ২৮ এবং ইয়াসির ২৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট।
শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, আর নোয়াখালীর জন্য টানা তৃতীয় হার।
এবি/