দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বৈরাচারবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে জেলার নেতৃত্ব দানকারী ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনেবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ সিপিবির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাশেদ খান জানিয়েছেন, ‘গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নিপীড়িত মানুষ ও গণমানুষের কণ্ঠস্বরগুলো সংসদে তুলে ধরতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে চান।’
রাশেদ খান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তিনি যশোরের রাজপথে জেলার সমন্বয়ক ও সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক হন রাশেদ।
স্থানীয়রা বলছেন, জেলায় তরুণ ছাত্রনেতা হিসেবে রাশেদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া রাশেদ খানের এ সিদ্ধান্ত যশোর-৩ আসনে একটি নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করল।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘আগামী নির্বাচন তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে সিপিবি। তরুণদের এগিয়ে দেওয়ার এই সময়টি তারা কাজে লাগাতে চান।’ যশোর সদর আসনে অন্যান্য দলের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচার প্রচরণা শুরু করেছেন। এ বহরে এবার ‘কাস্তে’ প্রতীক নিয়ে যুক্ত হচ্ছেন রাশেদ খান।
উল্লেখ্য, যশোর-৩ আসন থেকে ইতোমধ্যে দলীয় মনোনয়ন লাভ করেছেন অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি) এবং আব্দুল কাদের (জামায়াতে ইসলামী)।
আরএ