দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাকেরগঞ্জে নারিকেল গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আব্দুল মান্নান (৫৮) নামে এক শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় জীবিত উদ্ধার করা হয় তাকে।
রোববার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ খানের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসার আঙিনায় থাকা নারিকেল গাছ বাছাই করতে গাছে ওঠেন আব্দুল মান্নান। গাছের মাথায় উঠেই গাছের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুহূর্তের মধ্যেই অচেতন অবস্থায় গাছের মাথায় ঝুলে থাকেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে সদস্যরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তাকে নিচে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা বেলা পৌনে ১২টার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। তখন মান্নান অচেতন অবস্থায় ছিলেন। দ্রুত তাকে নামিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে যাই। অসুস্থ মান্নানকে আমরাই বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর আব্দুল মান্নান বর্তমানে শঙ্কামুক্ত আছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পুরোনো বৈদ্যুতিক তারটি গাছের ডালে দীর্ঘদিন ধরে ছুঁয়ে ছিল। বিদ্যুৎ বিভাগের তদারকির অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে।
বাকেরগঞ্জ বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ তারগুলো সরিয়ে ফেলার কাজ চলছে।
জে আই