দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ীরা।
শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুৎতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদি দোকান থেকে বৈদ্যুৎতিক শর্ট-শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিক দোকানসহ অন্তত ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে করে কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।
ব্যবসায়ীরা জানান, লোন নিয়ে ব্যবসা করছি। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। কিভাবে পরিবার বা লোনের টাকা পরিশোধ করবো সেটা নিয়ে দুঃচিন্তায় রয়েছি। সরকারিভাবে সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান, বৈদ্যুৎতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।
এদিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
আরএ