দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ও দলটির সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের নির্বাচন।
রোববার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়ন পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকির।
মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু জন্মলগ্ন থেকেই আমাদের দেশ সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে স্বাধীনতার পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ যাদের হাতে ক্ষমতা দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।
তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এমন নেতৃত্ব দরকার যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। নেতৃত্ব যদি সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না; নেতৃত্ব যদি দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, দুর্নীতিমুক্ত করার নির্বাচন, ইনসাফ কায়েমের নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। তাই ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় পিরোজপুর জেলা, নাজিরপুর উপজেলা ও স্থানীয় জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে আই