দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনে বারবার পরাজিত হয়ে এবার পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট চাচ্ছে। তিনি বলেন, ‘একটি দলের আমীর তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন। ওই তিন নির্বাচনে তার মোট ভোট ৪৭ হাজার ৯৬১। অথচ ২০০৮ সালের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আমাদের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাই ওই দল এখন বুঝছে, এবারও হারবে। সেই ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চাইছে, যাতে সংসদে যেতে পারে।’
শুক্রবার (৩১ অক্টোবর) সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে একটি দল গোপনে আওয়ামী লীগের সঙ্গে মিশে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে। তারা আন্দোলনে ছিল না, রাজপথেও আসেনি। কিন্তু বিএনপি সব সময় রাজপথে ছিল, আন্দোলন করেছে। শত মামলা, জুলুম-নির্যাতনের মধ্যেও কেউ দেশ ছাড়েনি বা দলত্যাগ করেনি। অথচ এখন সেই দল ক্ষমতার নেশায় এমন কোনো কাজ নেই, যা করছে না। এমনকি হিন্দু মন্দিরে গিয়ে বলে—পূজা ও রোজা এক জিনিস। নাউজুবিল্লাহ।’
তিনি আরও বলেন, ‘জামায়াত এখন পিআর পদ্ধতির নামে আন্দোলন করছে। আবার জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে সংসদ নির্বাচনের আগে গণভোট দাবি করছে। এটি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তারা চায় আগে গণভোট, তারপর বলবে—নির্বাচনের পরিবেশ নেই, আরও সময় দরকার। এই ষড়যন্ত্র বিএনপি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, এর বিকল্প কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না।’
চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোশারফ হোসেন রনির সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টো, শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক ভূঁইয়া ও পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আবদুল মজিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এমএস/