দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সংগঠন। তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগের জনগণের সমর্থন থাকতো, তাহলে পালিয়ে যেতে হতো না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হতো না, ডামি নির্বাচন আয়োজন করতেও হতো না।’
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করি না। সচিবালয়ে ডিসি, এসপি, ইউএনও পর্যন্ত ভাগাভাগি চলছে। বড় দলগুলো প্রশাসনকে নিজেদের অনুকূলে নিতে ব্যস্ত। নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয়—তাদের কাজের কোনো নীতিমালা নেই।’
তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের ভোটার তালিকায় দেড় কোটি মৃত ভোটারের নাম রয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কবর থেকে উঠে ভোট দিয়েছে—এমন খবর গণমাধ্যমেও এসেছে। রাজনৈতিক দলগুলো এক না হলে ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অপেক্ষায়।’
সরকারবিরোধী অবস্থান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট শাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন বৈধতা পেয়েছে। অতীতে অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মী আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তখন তারা মানবতার কথা বলেননি।’
ভোট নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভোট চাইবো সেইসব নাগরিকদের কাছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অপরাধে জড়িত নয়, গুম-খুনে সম্পৃক্ত নয়। নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকেই একসাথে কাজ করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ মূসা এবং জেলার চার উপজেলার নেতৃবৃন্দ।
এমএস/