দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও কাগজপত্রে ত্রুটির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
অভিযানে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে চিকিৎসা সেবায় অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ ছাড়া স্কয়ার, মডার্ন, হেলথ কেয়ার, সিয়াম ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় মডার্ন, নূর, অ্যাপোলো, সৌদি প্রবাসী, নিউ যমুনা, আইকন ও সিটি ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ পালিয়ে যান। পরে ওই সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম বলেন, ‘ডায়াগনস্টিক সমিতিকে আগেই অবহিত করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান আগাম খবর পেয়ে বন্ধ করে পালিয়ে যায়। এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।’
এমএস/