দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলা পোস্ট অফিস থেকে গ্রাহকদের কাছে জাল টাকা সরবরাহের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমান। মানিককে ১৬ অক্টোবর এবং হাফিজুর রহমানকে ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গণইমমিনাকান্দা গ্রামের বৃদ্ধা শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে গেলে ব্যাংক কর্মকর্তারা দেখতে পান, তার টাকার মধ্যে ৫৩টি এক হাজার টাকার নোট জাল।
এছাড়া ৯ অক্টোবর শেরপুর সোনালী ব্যাংকে নুহু নামে এক ব্যক্তি সরকারি চালান জমা দিতে গেলে তার টাকায়ও ২৫টি জাল নোট ধরা পড়ে। দুজনই শেরপুর পোস্ট অফিস থেকে ওই টাকা তুলেছিলেন।
ঘটনাটি প্রকাশের পর প্রশাসন, পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। বর্তমানে অন্তত তিনটি সরকারি বিভাগ বিষয়টি অনুসন্ধান করছে।
শেরপুর কোর্ট পরিদর্শক জিয়াউর রহমান জানান, হাফিজুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং মানিক মিয়ার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর রিমান্ড শুনানি হবে।
শেরপুর সদর থানার ওসি জোবাইদুল আলম বলেন, ঘটনাটি জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজন সন্দেহের তালিকায় আছেন। ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমএস/