দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার ফ্ল্যাটের খাটের নিচ থেকে পাওয়া যায়।
নিহত মিলন আক্তারের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একা বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তার বৈবাহিক সম্পর্ক শেষ হয় এবং তারপর থেকে তিনি একাই ছিলেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী গেলে, কয়েকদিন ধরে তিনি বাসায় একা ছিলেন।
নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন, একজন নোয়াখালীতে থাকেন, আর ছোট মেয়ে তানজিনা আক্তার রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। তানজিনা বলেন, বৃহস্পতিবার থেকে মায়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি মায়ের বাসায় যান। দরজা খুলে ভেতরে ঢুকলে খাটের নিচে রক্ত দেখতে পান এবং খাটের নিচে তাকিয়ে মায়ের লাশ দেখতে পান।
নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, 'গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনলাম খাটের নিচে ফুফুর লাশ পাওয়া গেছে। এটি স্পষ্টভাবে হত্যাকাণ্ড।'
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।'
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএস/