দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।
সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সম্প্রতি একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ এবং যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আয়ুব খানের ওপর হামলা হয়। এছাড়া বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তারা অভিযোগ করেন, প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাংবাদিক হামলা ও হত্যার ঘটনা ঘটছে। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি বলেন, ‘প্রতিনিয়ত গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হচ্ছেন, কারণ তারা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করছেন। হামলাকারীরা শুধু আঘাতেই ক্ষান্ত হচ্ছে না, অনেক সময় হত্যাও করছে। এভাবে চলতে থাকলে একদিন এই পেশায় নতুন প্রজন্ম আর আসবে না। রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া, কিন্তু রাষ্ট্র এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।’
চ্যানেল এস-এর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল বলেন, ‘সাংবাদিকরা জাতির দর্পণ। তারা সমাজের অনিয়ম তুলে ধরতে গিয়ে জীবনের ঝুঁকি নেন। এতে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীগুলোই হামলা ও হত্যার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’
সাংবাদিকরা জানান, হামলা ও হত্যার ঘটনা বন্ধ না হলে সংবাদপেশা বড় সংকটে পড়বে, যা গণতন্ত্র ও সমাজের জন্য ক্ষতিকর হবে।
এমএস/