দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর আলমগীর হোসেন (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৫ অক্টোবর) র্যাব-০১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
ভুক্তভোগী চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, ডাকাত আলমগীর হোসেন এবং অজ্ঞাত ৮/১০ সহযোগী আসামি চিকিৎসক দম্পত্তির বসতঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দম্পত্তিকে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে এবং হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ওয়াল কেবিনেটের ড্রয়ারের চাবি নিয়ে ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা, ৬টি স্বর্ণের চেইন, ৫ জোড়া স্বর্ণের কানের দুল, একটি জোড়া স্বর্ণের হাতের বালা, একটি বেসলেট, একটি লকেট, একটি আংটি, একটি হাতঘড়ি ও দুইটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফ শ্রীপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। র্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আলমগীর হোসেন শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় আত্মগোপনে আছে। ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব ডাকাত আলমগীর হোসেনকে থানায় হস্তান্তর করে। রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২১ জুন রাত ৩টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের চিকিৎসক দম্পত্তির বসতঘরে ৮/১০ জনের এক দল ডাকাত প্রবেশ করে এবং অস্ত্রের মুখে দম্পত্তিকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করেছিল।
জে আই