দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীর বড়বাজারের একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামে এক গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার দুপুরে বড়বাজারের ‘হিমেল হাওয়া’ নামের নির্মাণাধীন ভবনের নিচতলায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুমনের মাথা, ঘাড় ও হাত থেতলে গিয়েছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ভবনের লিফটের কাজ চলছিল এবং পুরো স্থানটি ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহতের স্ত্রী ময়না আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকার চালাতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে ওই কর্মকর্তাকে নিয়ে আসেন সুমন। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। পরে শুক্রবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি। এ ঘটনায় দায়ীদের শাস্তি দাবি করেছেন ময়না আক্তার।
এমএস/