দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় ১৪ বছর বয়সী নাহিম মিয়া গুরুতর আহত হয়েছেন।
ঘটনা ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামে। নিহত দুলাল মিয়া ছিলেন স্থানীয় কৃষক এবং আব্দুল মালেকের ছেলে। আহত নাহিম মিয়া ওই এলাকার বেলাল সরকারের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সাবেক ইউপি সদস্য খোকা আলম ও জাকির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের দিন জাকির মিয়া ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে খোকা আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় জাকিরের সঙ্গে আবির মেম্বারও অংশ নেন।
ঘটনার সময় দুলাল মিয়ার শরীরে আটটি গুলি লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত নাহিম মিয়া চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় জাকির মিয়ার অনুসারীরা খোকা আলমের অন্তত ৮-১০টি বাড়িঘর ভাঙচুর করে।
চরমধুয়া ইউনিয়ন চেয়ারম্যান আহসান শিকদার জানান, কোনো কারণ ছাড়াই হামলা চালানো হয়। নিহত দুলাল মিয়া ও আহত নাহিম মিয়া খোকা আলমের বাড়িতে অবস্থান করছিলেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। এখনও কাউকে আটক করা যায়নি।
এমএস/