দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা ৮ বছর বয়সি নাতি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম নরসিংদীর মহিষাসুর ইউনিয়নের বালুসাইর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আকলিমা বেগম তার নাতিকে সঙ্গে নিয়ে পলাশে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা বেগম নিহত হন এবং তার নাতি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে এবং ক্ষুব্ধ হয়ে ট্রাকচালককে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই