দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড আংশিক ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল বাল্কহেডের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে একটি ডকইয়ার্ডের বেসরকারি ঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন পটুয়াখালীর বাসিন্দা জহিরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাসান (২০)।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এসে একটি বেসরকারি ঘাটের পাশে নোঙর করে রাখা বালুভর্তি বাল্কহেডকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটির অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাল্কহেডটির ডেকের কেবিনের ভেতরে পাঁচজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ধাক্কা লাগার পর তিনজন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেলে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে প্রবেশ করে একে একে জহিরুল ইসলাম শাকিল ও মোহাম্মদ হাসানের মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই