দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করার অভিযোগে নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন কে কলেজ প্রশাসন ও কর্মচারীদের হামলার শিকার হতে হয়েছে। ঘটনা ঘটে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলেজ চত্বরে।
হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করেন। শিক্ষার্থীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন। পরে স্থানীয় প্রশাসন ও কলেজ প্রশাসন আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তালা খুলে দেন।
ছাত্রদল নেতাদের অভিযোগ, কলেজ অযৌক্তিকভাবে ভর্তির ফি বৃদ্ধি করেছে। পার্শ্ববর্তী জেলার কলেজের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেশি ফি নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোনো সুবিধা নেই। ফি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার কথা বললে কলেজের শিক্ষক ও কর্মচারীরা মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে জুনের উপর স্ট্যাম্প, বাঁশ ও লাঠিসোটা দিয়ে হামলা চালান।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আরমান হোসেন জানান, কলেজের অধ্যক্ষের রুমের সামনে স্ট্যাফদের সঙ্গে জুনের হাতাহাতি দেখেছেন। তিনি বলেন, ‘আমরা এমন ঘটনার পর কলেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।’
জুনায়েদ হোসেন জানান, অন্যান্য কলেজের তুলনায় বেশি ফি নেওয়া হচ্ছে, তাই তিনি কলেজ প্রশাসনকে ফি কমানোর অনুরোধ করেন। ফি কমানো না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় হামলার ঘটনা ঘটে। তিনি সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।
অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, ‘ভর্তি প্রক্রিয়ার রুমে মূল্যবান যন্ত্রপাতি থাকায় উত্তেজিত অবস্থায় তাকে রুম থেকে বের করতে কর্মচারীরা ব্যবস্থা নেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/