দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গৃহশিক্ষক মাশরুর রহমান সজিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা।
সাজাপ্রাপ্ত সজিব যশোরের পালবাড়ি তেঁতুলতলা এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ঢাকার বাড্ডার বৈশাখী স্মরণীর ট/১ এর সপ্তম তলার বাসিন্দা।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ভুক্তভোগী ছাত্রী যশোর শহরের একটি কলেজে ভর্তি হয়ে পালবাড়ি এলাকায় ফুফুর বাসায় থাকতেন। সেখানে গৃহশিক্ষক হিসেবে পড়াতে যেতেন যবিপ্রবি শিক্ষার্থী সজিব। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ১৫ জুন বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে সম্পর্কের সুযোগে তাকে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভ্রমণে নিয়ে যান এবং গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। তবে ভুক্তভোগীকে বিয়ের চাপ দিলে সজিব এড়িয়ে যেতে থাকেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।
২০২৪ সালের ৩০ জুলাই সজিবের মাকে বিষয়টি জানালে তিনি জানান, সজিব অন্যত্র বিয়ে করেছেন। এরপর ৩ আগস্ট থানায় অভিযোগ করলে পুলিশ গ্রহণ না করায় ওই ছাত্রী ১৭ আগস্ট আদালতে মামলা করেন। তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন তৎকালীন বিচারক। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা আসামি সজিবকে অভিযুক্ত করে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মাশরুর রহমান সজিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় সজিব আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
আরএ