দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাজু আটক হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।
পুলিশ জানায়, সাজু তার ফেসবুক আইডি ‘আমার বাংলাদেশ’ থেকে “যশোরে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা” শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। তবে ভিডিওটি যশোরের নয়, বরং ১৪ আগস্ট নড়াইলের রূপগঞ্জে ছিনতাইকারীকে মারধরের ঘটনা। ওই ভিডিও বিকৃত করে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা হয়। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করা, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন তিনি।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক সাজুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।