দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের প্রায় এক কিলোমিটা রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি-পেশার লাখো মানুষ।রাস্তাগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, বাজারটি নানা ধরনের পট্টি ও দোকান নিয়ে গঠিত। এখানে কাঠ, নৌকা, মাছ এবং কাঁচা বাজারের পাশাপাশি কামার, কুমার, মনোহারী, শুকটি, ফার্নিচার, মিঠাই পট্টিসহ আরও অনেক ছোট-বড় পট্টি রয়েছে। ফলে রামচন্দ্রপুর বাজার শুধু কেনাকাটার জন্য নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনের ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ।
রামচন্দ্রপুর বাজারটি অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম কেন্দ্র। বাজারটির চারপাশে রয়েছে কলেজ, বালক ও বালিকা বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা এবং সরকারি ও বেসরকারি ব্যাংক। রামচন্দ্রপুর বাজারের ভেতরের রাস্তার বেহাল দশার কারণে চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রামচন্দ্রপুর বাজারে প্রায় ৬ শতাধিক হোলসেলার দোকান রয়েছে। রাস্তার নোংরা পানি জমে থাকায় ট্রাক্টর, সিএনজি ও অটোরিকশার চাকা নষ্ট হয়ে জ্যাম লেগে থাকে। যার ফলে ক্রেতার সংখ্যা কমে গেছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা।

বাজারের প্রবেশ পথ আমিননগর মোড়, লঞ্চ টার্মিনালের দক্ষিণ পাশে চাউল বাজার, ব্রিজের উত্তর পাশে ব্যাংকের সামনে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
ইউপি সদস্য সাদেক হোসেন ও আবদুল মোমেন বলেন, বর্ষার সময় রাস্তাগুলোতে পানি জমে কর্দমাক্ত হয়ে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে অনেক কষ্ট হয়।
রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রিন্সিপাল মো: ফেরদৌস আহাম্মদ চৌধুরী বলেন, ১৬শ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে রাস্তার দুর্ভোগে পড়ছেন। তাদের কাপড় ও জুতা কাদা-ময়লা হয়ে যায়। এছাড়া অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কষ্ট হচ্ছে।
উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, বাজারের রাস্তা ও ড্রেনেজ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল রহমান বলেন, রামচন্দ্রপুর বাজারের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। আমি নিজে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
জেআই/কে