দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে সাংবাদিক সমাজের চলমান আন্দোলনের মুখে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বদলির প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার (৫ মে) তারিখের এক প্রজ্ঞাপনে তাকে তালা উপজেলা থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে সোমবার (৫ মে) এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশি¬ষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
এদিকে এই প্রজ্ঞাপন জারির পর থেকেই সাংবাদিক সমাজের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা সরকারকে কৃতজ্ঞতা জানান। এর আগে গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের বাকবিতণ্ডা হয়। পরে ইউএনও শেখ মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাংবাদিককে ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তালা ও সারা দেশের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
তবে বিষয়টিকে আড়াল করতে ইউএনওর পৃষ্ঠপোষকতায় কিছু ঠিকাদার ও রাজনৈতিক কর্মী মানববন্ধন করে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, এসএসসি পরীক্ষার কেন্দ্র নিকটবর্তীস্থানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অফিস ফেলে মানববন্ধনে অংশ নেন, যা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমাজের সুশীল ব্যক্তিরা বলছেন, সাংবাদিক সমাজের ঐক্য এবং গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণেই এই বদলি অনিবার্য হয়ে উঠেছে।
সাংবাদিক নেতারা বলছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে এভাবে প্রতিক্রিয়া জানানো এবং সাংবাদিককে শাস্তি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলে দেয়।
এফএইচ/