দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ীতে মসজিদের ইমামকে মারধর করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) ও ৬ নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে মো.ওবায়দুল্লাহ (৫৮)।
মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মসজিদের ইমামের নাম মাওলানা মো.নোমান সিদ্দিক (৩৫)। তিনি একই ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদের পেশ ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ জুলাই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন মাওলানা নোমান। কয়েক মাস ধরে মসজিদ কমিটির অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ৫ মে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টর নিজেদের অনুকূলে খেয়াল খুশি মত ইমাম নিয়োগের জন্য চাকরি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন বর্তমান ইমামকে এবং এই মাসের ১৫ মে এর মধ্যে মসজিদ ত্যাগ করার জন্য হুমকি দেন।
মসজিদের পেশ ইমাম মাওলানা নোমান সিদ্দিক জানান, আমাকে না রাখার কারণ জানতে চাইলে আমাকে বেজায় গালমন্দ করেন হান্নান সাহেব। এরপর আমি নিজেই শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সাধারণ মুসল্লি, মসজিদের আহ্বায়ক কমিটিসহ স্থানীয় ওলামায়েকেরামদের মঙ্গলবার( ৬ মে) বিকেল ৩টার দিকে মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানাই। কিন্ত বিষয়টি তারা ভালোভাবে নেননি।
তিনি অভিযোগ করে আরো বলেন, সকালে হান্নানের অনুসারী নাছির উদ্দিন, মোহাম্মদ আলী ও মো.ওবায়দুল্লাহ মারমুখি হয়ে আমাকে হেনেস্তা করার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা মসজিদে আমাকে এলোপাথাড়ি মারধর করে।
অভিযোগের বিষয়ে জানতে মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টরের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বাকী আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএইচ/