দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হারুন অর রশিদ জুলহাস (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের স’মিল সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি গ্রামের খাঁন বাড়ির মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেনসহ স্থানীয়রা জানায়, বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে ছুটে যান। এ সময় তারা দেখেন একজন মোটরসাইকেল আরোহী সড়কে পড়ে আছেন এবং ঘটনাস্থল থেকে একটি বোগদাদ বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছে। তাৎক্ষণিক স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলহাস।
জানা যায়, জুলহাস তার মৃত ভগ্নিপতি টিটুর মালিকানাধীন হাজীগঞ্জ বাজারস্থ দি চিটাগাং বেকারি পরিচালনা এবং বোন-ভাগিনাদের দেখাশুনা করতেন। সোমাবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হাজীগঞ্জ থেকে নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি যাওয়ার পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বোগদাদ পরিবহনের একটি বাস। এসময় তিনি গুরুতর আহত হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া নিহত যুবকের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ